শিবগঞ্জে বাসে মিলল ৬ হাজার ইয়াবা

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ মো. সাহাবুদ্দিন আলম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া পাকুরতলা এলাকার একটি রেস্তোরাঁর সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত সাহাবুদ্দিন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয় ডিএনসির একটি দল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী ‘রাহবার পরিবহন’-এর একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। বাসের একটি আসনের টিকিটবিহীন যাত্রী সাহাবুদ্দিনের সঙ্গে থাকা একটি সাইড ব্যাগ তল্লাশি করে ৩০টি প্যাকেটে রাখা মোট ৬ হাজার পিস ইয়াবা বড়ি এবং মাদক কারবারে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৬০০ গ্রাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে



