রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা. সুমাইয়া (৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আত্রাই উপজেলার খট্টেশ্বর গ্রামের মো. ওয়াসিমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া কয়েক দিন আগে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে তার মামাবাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুর ১২টার দিকে সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সুমাইয়াকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি মেনে নিতে না পেরে উন্নত চিকিৎসার আশায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে


