রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুর নগরের একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলে রয়েছেন। বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।
শনিবার (২২ আগস্ট) রাতে নগরের কামালকাছনা এলাকার মাছুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে বাড়িটির প্রধান ফটক বাইরে থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যদের কাউকে বাইরে আসতে দেখা যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে শনিবার রাতে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন পূজা চক্রবর্তী বলেন, গত বৃহস্পতিবার রাতে সর্বশেষ মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়েছিল। এরপর শনিবার ফোনে যোগাযোগ না পেয়ে রাত নয়টার দিকে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। সেখানে গিয়ে প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাঁকে কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলা হয়।
গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেন। অবসরের পর তিনি রংপুর সমবায় মার্কেটের একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন।
তাঁর মেয়ে প্রার্থী চক্রবর্তী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি মাস্টার্স শেষ করেন। ছেলে প্রীয়ম রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
রংপুর সিআইডির ইনচার্জ সুমিত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিভিন্ন তদন্ত সংস্থার সদস্যরা কাজ করছেন। কীভাবে এবং কেন চারজনের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এলজিইডি ভবন থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেফতার

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা রানীর

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় টাইলসকর্মী গ্রেপ্তার

রংপুরে বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশু খুন

বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় শ্রমিক লীগ নেত্রী কারাগারে

তুমি আমার ভালোবাসা নিয়ে গেছ’, সুইসাইড নোটে লিখে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রেমের টানে রংপুরে এসে ভারতীয় তরুণ আটক

