অক্টোবরের মধ্যেই কমবে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য সচিব

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ। তাঁর আশা, অক্টোবরের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে রোগের বিস্তার ঠেকাতে চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন স্বাস্থ্য সচিব।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি হঠাৎ করে খারাপ হয়নি। গত বছর এবং তার আগের বছরও অনেক মানুষ এ রোগে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। ওষুধ, স্যালাইনসহ চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য সচিবের ভাষ্য, চাঁপাইনবাবগঞ্জ দেশের ডেঙ্গুপ্রবণ এলাকাগুলোর একটি হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ অবস্থা মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এ বছর ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে থেমে থেমে ঘন ঘন বৃষ্টিপাতকে উল্লেখ করেন ড. আ ন ম বজলুর রশীদ। তাঁর মতে, বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকায় এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এতে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
স্বাস্থ্য সচিব জানান, ডেঙ্গু মোকাবিলায় সারা দেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি, সেসব স্থানে নিয়মিত নজরদারি করা হচ্ছে। দেশের আট থেকে দশটি ডেঙ্গু হটস্পটের মধ্যে চাঁপাইনবাবগঞ্জও রয়েছে। জেলাটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবারও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন।
ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকতে রোগে আক্রান্ত হওয়ার আগেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও বৃষ্টির পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে বাড়ি ও হাসপাতালে মশারি ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁর মতে, শুধু হাসপাতালে চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্য সচিব হাসপাতালের আশপাশের এলাকা, রান্নাঘর এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ওয়ার্ড ঘুরে দেখেন। পরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, চিকিৎসক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আশাবাদ জানালেও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য সচিব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ‘ইবোলা ভাইরাস’, ডব্লিউএইচওর গভীর উদ্বেগ

বিগত সরকারের গাফিলতির কারণেই বহু শিশুর মৃত্যু হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

আগের বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যু কম: স্থানীয় সরকারমন্ত্রী

২১ দিনের সহজ রুটিনে চোখের নিচের কালো দাগ দূর করুন

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৯৮৩

প্রতি ইউনিয়নে ‘হেলথ হাব’, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার সদস্য মোতায়েন

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

