ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রোববার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ে। ম্যাচ ঘিরে দুই দলের খেলোয়াড়দের কথাবার্তাও এখন আলোচনার কেন্দ্রে।
নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড ম্যাচের আগে ব্রাজিলকে স্পষ্টভাবেই ফেভারিট হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, এই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।
তবে হালান্ডের এমন মন্তব্যকে কেবল বিনয় নয়, বরং কৌশলগত বার্তা বলেই মনে করছেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস। তার মতে, প্রতিপক্ষ নিজেদের ওপর থেকে চাপ কমাতেই এ ধরনের মন্তব্য করছে।
অতীতের পরিসংখ্যান অবশ্য ভিন্ন চিত্রই তুলে ধরে। এখন পর্যন্ত ব্রাজিল ও নরওয়ে চারবার মুখোমুখি হয়েছে, যেখানে দুই ম্যাচে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তবু বর্তমান শক্তি ও পারফরম্যান্স বিবেচনায় ব্রাজিলকেই এগিয়ে রাখছেন হালান্ড।
এক সাক্ষাৎকারে ব্রুনো গিমারেস বলেন, হালান্ডের মন্তব্য অত্যন্ত সচেতন ও কৌশলগত। তার ভাষায়, “সে খুবই চালাক। কথার মাধ্যমে চাপ আমাদের ওপর দিচ্ছে, আর নিজেদের ওপর থেকে সরিয়ে নিচ্ছে। তবে ফুটবলের সিদ্ধান্ত মাঠেই হয়। ১১ জনের বিপক্ষে ১১ জন খেলবে। ম্যাচটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
তিনি আরও বলেন, নরওয়ের শারীরিক শক্তি এবং লম্বা গড়নের খেলোয়াড়রা ক্রস থেকে সুযোগ তৈরির চেষ্টা করবে, তাই ব্রাজিলকে শুরু থেকেই সতর্ক থাকতে হবে।
বিশ্বকাপে এখন পর্যন্ত প্রায় ৪৪.৪ কিলোমিটার দৌড়ে অন্যতম পরিশ্রমী খেলোয়াড়দের তালিকায় আছেন ব্রুনো গিমারেস। এই পরিসংখ্যান শুনে নিজেও বিস্মিত হয়েছেন তিনি। তবে তার মতে, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলে সর্বোচ্চটা দেওয়াই মূল লক্ষ্য।
তিনি বলেন, “আমি জানতাম না। তবে আমি স্বাভাবিকভাবেই অনেক দৌড়াই। দেশের জন্য খেললে নিজের সবটুকু দিতে চাই।”
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের কখনো জয় না পাওয়ার রেকর্ডও এবার দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান এই মিডফিল্ডার। সেই রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় ব্রাজিল।
তিনি বলেন, “এটা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। দীর্ঘ প্রায় ২৮ বছর পর দুই দল মুখোমুখি হচ্ছে। অনেক কিছুই বদলে গেছে। আমরা নিজেরাই ইতিহাস লিখতে চাই এবং ব্রাজিলের ফুটবলে নতুন অধ্যায় যোগ করতে চাই।”
অন্যদিকে, নিজের দ্বিতীয় বিশ্বকাপ অভিজ্ঞতা নিয়েও আত্মসমালোচনামূলক মন্তব্য করেছেন ব্রুনো গিমারেস। ২০২২ বিশ্বকাপে মাত্র ৬৭ মিনিট খেলার সুযোগ পাওয়া এই মিডফিল্ডার জানান, সেই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে।
ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, “সেটা আমার জন্য বড় শিক্ষা ছিল। আমি আরও অবদান রাখতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারিনি। এবার আমি আগের চেয়ে বেশি প্রস্তুত থাকতে চাই।”
সব মিলিয়ে ম্যাচের আগে কথার লড়াই যত বাড়ছে, ততই উত্তেজনা বাড়ছে ব্রাজিল–নরওয়ে দ্বৈরথে। এখন অপেক্ষা শুধু মাঠের আসল লড়াইয়ের।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
ব্রাজিলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে চাই: ব্রুনো গিমারেস
আর্জেন্টিনার জয়ে ভুল প্রমাণিত ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান
শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব–১৯ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
মেসি মাঠে নামলেন আর গোল করলেন, গড়লেন বিশ্ব রেকর্ড
ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখছে জাপান
গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?
ব্রাজিল জিততেই মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক
গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?
কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন