গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ-নগদ অ্যাকাউন্ট বন্ধ, বিপাকে গ্রাহকেরা

গোপালগঞ্জে হঠাৎ বিপুলসংখ্যক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক। বিকাশ ও নগদের প্রায় ২ লাখ অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এতে ব্যক্তিগত প্রয়োজন, চিকিৎসা ব্যয় ও ব্যবসায়িক লেনদেন নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা।
গত বুধবার রাত থেকে গ্রাহকদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে অ্যাকাউন্ট বন্ধের তথ্য জানানো শুরু হয়। বৃহস্পতিবারও এ কার্যক্রম অব্যাহত ছিল। বার্তায় বলা হচ্ছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিধিমালা অনুযায়ী অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে। এ অবস্থায় আপাতত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানানো হচ্ছে গ্রাহকদের।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা বা চাহিদার পরিপ্রেক্ষিতে বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করা হয়েছে।
অ্যাকাউন্ট বন্ধ থাকায় অনেক গ্রাহকের হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আটকে রয়েছে। টাকা তুলতে কিংবা অন্য কারও কাছে পাঠাতে না পেরে এজেন্টের দোকানে গিয়েও ফিরে আসছেন অনেকে। জরুরি প্রয়োজনে লেনদেন করতে না পারায় ভোগান্তি বেড়েছে তাঁদের।
স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস বলেন, ‘মাসের শেষ। এখন হাতে টাকা নেই। বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ৫ হাজার টাকা ছিল। কিন্তু অ্যাকাউন্ট বন্ধ থাকায় ধার-দেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি।’
শহরের পাওয়ার হাউজ মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ জানান, বোরো মৌসুম শুরু হওয়ায় ধানের বীজ কেনার জন্য বাবার কাছে ৭ হাজার টাকা পাঠাতে চেয়েছিলেন। কিন্তু বিকাশে লেনদেন বন্ধ থাকায় টাকা পাঠাতে পারেননি। এভাবে চলতে থাকলে কৃষিকাজেও সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
তামান্না পারভীন নামের এক নারী বলেন, তার ছেলে রাজশাহীতে পড়াশোনা করেন। বিকাশ বন্ধ থাকায় ছেলের কাছে টাকা পাঠাতে পারছেন না।
বিকাশের স্থানীয় এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ করা হয়নি। তবে কিছু অ্যাকাউন্টে লেনদেনজনিত সমস্যা দেখা দিয়েছে। যেসব অ্যাকাউন্টে ঘন ঘন বড় অঙ্কের লেনদেন হয়, সেগুলো নজরদারিতে রাখা হচ্ছে। এ কারণে অ্যাকাউন্ট বন্ধের ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনের অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে আপত্তি নেই। তবে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু

একযুগ পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করল বিমান

গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আ. লীগের বিক্ষোভ মিছিল

আইফোন ও টাকার লোভে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ২

বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৩ যুবকের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের

গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে: রাশেদ খাঁন

বগুড়ার শেরপুরে মহাসড়ক অবরোধ

