চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার পর মনিরুল ইসলাম (নাম) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিহরনগর গ্রামের বিপরীতে মেদিনিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবক বর্তমানে কেমন আছেন, এমনকি তিনি বেঁচে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মনিরুল ইসলাম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মনিরুলসহ কয়েকজন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যান। এ সময় তাঁদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ও রাবার বুলেট ছোড়েন। এতে মনিরুলের পায়ে গুলি লাগে। পিঠের বিভিন্ন স্থানেও রাবার বুলেটের আঘাত পান তিনি। একপর্যায়ে মাটিতে পড়ে যান মনিরুল। তাঁর সঙ্গে থাকা অন্যরা পাশের খালে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে আহত অবস্থায় মনিরুলকে আটক করে ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ।
স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন বলেন, মনিরুল বিএসএফের গুলিতে আহত হয়েছেন এবং তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, মনিরুল ভারতের ভেতরে চিকিৎসাধীন রয়েছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তাঁরা নিশ্চিত হয়েছেন। বিএসএফ তাঁকে ধরে নিয়ে গেছে বলেও তথ্য পেয়েছেন। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা কিংবা তিনি জীবিত আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, শুক্রবার সন্ধ্যার পর সীমান্তের কাঁটাতারের দিক থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তিনি জানতে পারেন, বিএসএফ আহত অবস্থায় মনিরুলকে নিয়ে গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাননি।
এদিকে শুক্রবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ধ্যা সাতটার দিকে মেদিনিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ৬৩/১-এস-এর কাছে গুলির শব্দ শোনা যায়। স্থানটি শূন্যরেখা থেকে ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে। খবর পেয়ে মেদিনিপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত সেখানে পৌঁছায়। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিজিবি পাল্টা ফায়ার করে।
বিজিবির বিজ্ঞপ্তিতে স্থানীয়দের বরাত দিয়ে বলা হয়, এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার পর ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে যোগাযোগ চলছে। পাশাপাশি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

কোরবানির মাংস গলায় আটকে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক বৃদ্ধ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় বিএনপি-জামায়াতের হাতাহাতি

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

