বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ঘিরে রাজধানীর নয়াপল্টনে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সমাবেশস্থল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে কার্যালয়ের সামনের সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। সেখানে এসআরবি, পিজিআর, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সমাবেশের মঞ্চ ও আশপাশের এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তা তল্লাশির জন্য মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড। পাশাপাশি সড়কে ব্যারিকেড বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, শোভাযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূচি অনুযায়ী, শনিবার দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাবেশ শেষে বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।
বিএনপির পরিকল্পনা অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড ও মিন্টো রোড অতিক্রম করবে। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রার বিস্তারিত রুট তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণের প্রস্তুতির কারণে সমাবেশস্থল ও শোভাযাত্রার পুরো পথেই নিরাপত্তা এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী

