বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিঘর গ্রামের গোলাম মোস্তফা (৪২) এবং অটোভ্যান চালক মো. মিরাজুল (২৪)। অভিযানকালে পুলিশ তাঁদের কাছ থেকে এক কেজি গাঁজা এবং মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড়াইদহ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তাঁরা সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে এই গাঁজা এনে শেরপুরের ভবানীপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, মঙ্গলবার রাতে গাঁজা সরবরাহ করার সময় বড়াইদহ এলাকায় তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


