বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কোম্পানিটির পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পর্ষদে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অন্তর্ভুক্ত থাকবেন বলে চিঠিতে জানানো হয়। বিএসইসি এই পুনর্গঠন প্রক্রিয়ায় সবুজ সংকেত দিয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তা বিবেচনায় নিয়ে সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। তার এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, তার ব্যক্তিগত পরিস্থিতির কারণে যেন কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের কোনো ক্ষতি না হয়। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। জানা গেছে, কোম্পানিটির বিদেশি বিনিয়োগকারীরাও কোম্পানির স্বার্থে সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন।
বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধিকেও পর্ষদে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল বিএসইসি। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মত না হওয়ায় বর্তমানে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া চলছে।
শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের একটি প্রতিষ্ঠিত ও ভালো কোম্পানি। কিন্তু সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবের কারণে কোম্পানিটির সুনাম ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তার এই পদত্যাগ কোম্পানিটির সুনাম পুনরুদ্ধার এবং ব্যবসার জন্য ইতিবাচক সিদ্ধান্ত হবে, যা বিনিয়োগকারীদের আস্থাও বাড়াবে।
বিএসইসিকে দেওয়া বেক্সিমকোর চিঠিতে জানানো হয়েছে, লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির কারণে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বেক্সিমকো ফার্মাকে লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়মাবলীও অনুসরণ করতে হবে। লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার আগে তার সম্পর্কে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যক। এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি–মার্চ প্রান্তিকে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে গত বছরের জুনে সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির ৩০ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের হাতে রয়েছে, যার মধ্যে সালমান এফ রহমান একজন। বাকি ৭০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক, বিদেশি ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে কেন বসছে, প্রশ্ন জামায়াত এমপির

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

