সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর নাম। ভিডিওতে এক ব্যক্তি দাবি করেছেন, হাসনাত আবদুল্লাহর কাছে তার ৮০০ টাকা পাওনা রয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি নিয়ে বসার সময় হাসনাত আবদুল্লাহ তার কাছ থেকে চা খেতেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনো হাসনাত আবদুল্লাহর কাছে ৮০০ টাকা পাই। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম। এসে বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম।’
ভিডিওটির অন্য একটি অংশে তিনি হাসনাত আবদুল্লাহকে নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমালোচনামূলক মন্তব্য করেন। সেখানে ৫ আগস্টের ঘটনাকে ঘিরেও কিছু অভিযোগ উত্থাপন করা হয়। তবে এসব অভিযোগের পক্ষে কোনো ধরনের তথ্য-প্রমাণ ভিডিওতে উপস্থাপন করা হয়নি।
এদিকে, ভিডিওতে করা বক্তব্য ও অভিযোগের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লেও এতে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ভিডিওতে দেওয়া বক্তব্যগুলোকে যাচাই-বাছাই ছাড়া সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

