সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

রাজধানীর মিরপুরের রাড্ডার এমসিএইচ-এফপি সেন্টারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করতে পারে না।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, “গাছের গোড়া কেটে মাথায় পানি দেবেন, এটা জনগণ দেখতে চায় না। সর্প হয়ে দংশন করা, আর ওঝা হয়ে ঝাড়ার নাটক আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হোক।” তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো দুর্বৃত্ত যেন চিকিৎসাকেন্দ্রের ওপর হামলার সাহস না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

স্বাস্থ্যসেবা খাতের নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “সরকার একদিকে বলবে জনগণের দুয়ারে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব, আবার অন্যদিকে যেখানে-সেখানে ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মচারীদের অপমান করা হবে—এভাবে কখনো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।” তিনি উল্লেখ করেন, বর্তমানে স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় জনবলের মাত্র অর্ধেক রয়েছে, যা দিয়ে কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেবা চলছে। তাই সরকারকে সব ক্ষেত্রে মানবিক ও যৌক্তিক আচরণ করার এবং সব ধরনের দুর্বৃত্তায়ন বন্ধের আহ্বান জানান তিনি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, গত ৩-৪ দিনে ঢাকায় একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র ও চাপাতি নিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং ইসিবি চত্বরে একজন জুলাই যোদ্ধার স্টুডিও ভাঙচুরের তীব্র নিন্দা জানান তিনি। জমিজমার বিরোধের কথা বলে গভীর রাতে হামলা চালানোর কোনো আইনি বিধান নেই বলেও মন্তব্য করেন তিনি।
হামলার ঘটনায় রাজনৈতিক রঙের অপচেষ্টা চালানো হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, “এই ধরনের অপকর্মের সঙ্গে আমার দলের লোক তো দূরের কথা, আমি নিজেও যদি জড়িত থাকি, আইনশৃঙ্খলা বাহিনী যেন আমাকেও ছাড় না দেয়। আমাকেও আইনের আওতায় নিয়ে আসুন।”
সবশেষে, ক্ষতিগ্রস্ত এমসিএইচ-এফপি সেন্টারের পুনর্বাসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আজকের এই সহযোগিতা কেবল শুরু, এটি শেষ নয়। এই এলাকার মানুষের চিকিৎসাসেবা ও কল্যাণে প্রয়োজনে আমরা আরও বড় পরিসরে পাশে থাকব, ইনশাআল্লাহ।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

প্রাথমিক শিক্ষক নিয়োগে সরকার প্রহসনের নজির স্থাপন করেছে: নাহিদ ইসলাম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

আলো-বাতাসহীন সেলে রেখে রিমান্ডে নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের

ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

