মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ধরনের চেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, ‘যারা মনে করছেন, বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তাঁরা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি।’ বোমা হামলায় জড়িত ব্যক্তিদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন বলেও জানান তিনি। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে যুক্ত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে বলে দাবি করেন মন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল। এ সময় ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে গণমাধ্যম। কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ সাংবাদিকদের কাছে আসে। তাই সাংবাদিকতার প্রতি মানুষের এই বিশ্বাস অটুট রাখতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে হবে। সরকারের ভালো কাজ যেমন তুলে ধরতে হবে, তেমনি কোনো কাজে নেতিবাচক দিক থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সরকারের বা তাঁর নিজের সমালোচনা হলেও তাতে আপত্তি নেই বলে জানান আসাদুজ্জামান। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন তিনি। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে বলে আশ্বাস দেন।
গত প্রায় নয় মাসে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করেন আইনমন্ত্রী। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার প্রচলিত সংস্কৃতি থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানান তিনি। এ বিষয়ে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও কথা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা গণমাধ্যমে তুলে ধরতে হবে। পাশাপাশি সরকারের কোনো ভুলত্রুটি থাকলে সেটিও প্রকাশ করা জরুরি। রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়, তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়েও প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলা হয়। তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হচ্ছে না কেন?
এ প্রসঙ্গে নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসাদুজ্জামান বলেন, নাহিদ ইসলাম যদি গণঅভ্যুত্থানের ইতিহাস রচনা করেন, তাহলে সেই ইতিহাসে হাসনাত ও সারজিসকে ‘মীরজাফর’ হিসেবে চিহ্নিত করা হবে।
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপরও গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শে ভিন্নতা থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের বিরোধে সংগঠনের কর্মসূচি বাধাগ্রস্ত করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতপার্থক্য পাশে রেখে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

