স্বরাষ্ট্রমন্ত্রীকে `কাঠের চশমা' খুলতে হবে: জাতীয় নারীশক্তি

ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসে বিএনপি সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে দায়সারা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠের চশমা খুলে জনগণের সত্যিকারের অবস্থা দেখতে হবে। জনবিচ্ছিন্ন মন্তব্য না করে দেশের মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ এলাকার ফুটপাতে এক প্রতিবাদ সমাবেশে মনিরা শারমিন এসব কথা বলেন।

‘নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করে নারীশক্তি। নারীশক্তি মূলত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন।
প্রতিবাদ সমাবেশে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মনিরা শারমিন অভিযোগ করে বলেন, নতুন সরকার আসার পর দেশে নারী ও শিশু নির্যাতন আগের চেয়ে বেড়েছে, যা অত্যন্ত হতাশাজনক। দেশে ছিনতাই, ডাকাতি ও রাহাজানি এতটাই বেড়েছে যে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল অনিরাপদ হয়ে পড়েছে।
গত শুক্রবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের (৫৬) মৃত্যুর ঘটনা উল্লেখ করে নারীশক্তির আহ্বায়ক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা। ছিনতাই ও রাহাজানির পেছনে বড় কারণ মাদক, যাতে তরুণ সমাজ আসক্ত হয়ে পড়ছে। কিন্তু এ ক্ষেত্রে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমনকি কোনো রাজনৈতিক দলও এসব নিয়ে জোরালো কোনো কথা বলছে না।
আইনশৃঙ্খলার অবনতির তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকে না অভিযোগ করে মনিরা শারমিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদ দিয়ে তিনি বাকি সব মন্ত্রণালয়ের বিষয়ে সক্রিয় এবং সংবিধানের রক্ষাকর্তা হিসেবে হাজির হয়েছেন। কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকলেও এ ব্যাপারে তাঁর তেমন কোনো পদক্ষেপ নেই। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের জোরদার পদক্ষেপ দাবি করেন।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা বলেন, যে হারে ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে দেশে অনিরাপত্তা বাড়ছে। নারীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে প্রশাসনের অমনোযোগিতা ও উদাসীনতা অত্যন্ত হতাশাজনক। এ বিষয়ে সরকারের জোরালো ভূমিকা প্রয়োজন।
সমাবেশে অংশ নেওয়া নারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল। এসব প্ল্যাকার্ডে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’, ‘কাঠের চশমা খোলো, অপরাধী দমন করো’, ‘আমার ট্যাক্সের টাকায় বেতন, আমার নিরাপত্তা কই?’, ‘নারী ও শিশু নিপীড়ন বন্ধ করো’ এবং ‘মাদকমুক্ত সমাজ চাই’ প্রভৃতি স্লোগান লেখা ছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াত এমপি মুজিবুর

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয়

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

