পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যু মেনে নিতে না পেরে বিষপান করেন আলিফ ইসলাম (১৯) নামের এক যুবক। প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলিফের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মার্চ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরিকুল ইসলাম। তিনি ঈশ্বরদী উপজেলার হাসপাতাল রোড এলাকায় দীর্ঘদিন ধরে একটি চায়ের দোকান চালিয়ে পরিবার চালাতেন। পরিবারের প্রধান উপার্জনকারী এই ব্যক্তির হঠাৎ মৃত্যুতে পরিবারের ওপর নেমে আসে গভীর শোক।
বাবার এই মৃত্যু মেনে নিতে না পেরে তার ছেলে আলিফ ইসলাম বিষপান করেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা কয়েকদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, অল্প সময়ের ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিবেশীরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আলিফ ইসলাম বিষপান করেছেন—এমন তথ্য স্থানীয়ভাবে জানা গেছে।


