তিনটি মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলাসহ মোট তিনটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন তিনি। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এর আগে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর একই অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তারও আগে, ২২ সেপ্টেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার নথি অনুযায়ী, যাত্রাবাড়ী থানার গোপীবাগ এলাকার একটি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের মালিক রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নাজিয়া আক্তার বাদী হয়ে মামলা করেন, যেখানে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ ছাড়া, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। পরদিন যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।


