ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২১ জুন) সকালে উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের সামনের ইউ-টার্নটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার মাধ্যমে এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের বিশেষ পরামর্শে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চান্দাইকোনা থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কের সকল বিপজ্জনক ইউ-টার্ন বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন এই নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে মহাসড়কে বিপরীতমুখী বা উল্টো পথে গাড়ি চালানোর সুযোগ থাকবে না। ফুড ভিলেজসহ পার্শ্ববর্তী এলাকা থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে এখন থেকে সরাসরি ছোনকা বাজারের আন্ডারপাস ব্রিজ ব্যবহার করে নির্ধারিত পথে মহাসড়কে প্রবেশ করতে হবে। এর ফলে দ্রুতগতির দূরপাল্লার যানবাহনের সাথে স্থানীয় যানবাহনের সংঘর্ষের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “মহাসড়কের এই ইউ-টার্নগুলো দীর্ঘদিন ধরে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত ছিল। মন্ত্রণালয়ের নির্দেশনায় জননিরাপত্তার স্বার্থেই এগুলো বন্ধ করা হচ্ছে। এই কার্যক্রমের ফলে মহাসড়কে শৃঙ্খলার পাশাপাশি নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে আমরা আশাবাদী।”


