বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রীও আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার বিধবা কার্ড চালু করলে সেই কার্ড নেওয়ার ক্ষেত্রে সবার আগে থাকবেন কোনো কোনো সংসদ সদস্যের স্ত্রী। বেকার কার্ড চালু হলেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন সংসদ সদস্যের ছেলে, মেয়ে ও শ্যালিকার ডিলারশিপ পাওয়ার কথা শোনা গেছে। এ প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে আমরা শুনলাম একজন সংসদ সদস্যের ছেলে, মেয়ে, এমনকি শ্যালিকাও ডিলারশিপ পেয়েছেন। এখন সরকার যদি বিধবা কার্ড চালু করে, সে ক্ষেত্রে এমপির বউও এ কার্ড নেবে। বেকার কার্ডও তারা সবার আগে পাবে।’
বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যেরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যকে চান না। ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে উপাচার্যের চেয়ার দখল করতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, একটি পক্ষ দেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়। তাঁদের মধ্যে ন্যূনতম ব্যক্তিত্ব ও লজ্জাবোধ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানান এই সংসদ সদস্য।
দেশ গঠনের কাজে জেন-জি প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তাঁর মতে, বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানো প্রয়োজন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরদার, মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

টিকা নিয়ে সংকট কাটলেই তদন্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

আস্থা ভোটে জিতেই বিতর্কিত জ্যোতিষীকে বরখাস্ত করলেন থালাপতি বিজয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিসেম্বরে নেত্রী আইতাছে, বলেই জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

টাকার লোভে সন্তান বিক্রির চেষ্টা, বাবাসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় র্যাবের তিন সদস্য আহত

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ ঘিরে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

