ঋণ না পেয়ে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক যুবক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঋণ না পাওয়ার ক্ষোভ থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে স্ট্রং রুমের তালা ভাঙার চেষ্টা করেন তিনি। পরে নিরাপত্তাকর্মীর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া তিনটার দিকে উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম কাউসার আহম্মেদ (২৪)। তিনি সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে কাউসার জানিয়েছেন, ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় তিনি এ পরিকল্পনা করেন। তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেছেন, কাউসার তাঁদের কাছে ঋণ চাইতে এসেছিলেন, এমন তথ্য সঠিক নয়।
ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম (২২) জানান, বুধবার রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন কাউসার। এরপর তাঁকে ঘুম থেকে ডেকে তুলে মারধর করেন এবং গলায় ছুরি ধরে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। মুখও গামছা দিয়ে বেঁধে আটকে রাখা হয় তাঁকে।
নিরাপত্তাকর্মীকে এভাবে আটকে রেখে স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন অভিযুক্ত যুবক। একপর্যায়ে বাঁধন খুলতে সক্ষম হন মাজহারুল। এরপর ব্যাংক থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় কাউসারকে আটক করা হয়।
পুলিশ জানায়, কাউসারকে আটকের সময় তাঁর কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখার কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় কাউসার আহম্মেদের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক মো. ইকবাল হাসান বলেন, ঘটনার সময় নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ব্যাংক লুটের চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রীয় একটি ব্যাংকে এ ধরনের ঘটনা উদ্বেগজনক।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, কাউসার পুলিশকে জানিয়েছেন, ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় তিনি এ পরিকল্পনা করেছিলেন। এ ঘটনায় দস্যুতার অভিযোগে কাউসারসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয়ভাবে আলোচিত আগের একটি ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার মিল পাওয়া যাচ্ছে ঋণ না পাওয়ার বিষয়টিতে। প্রায় এক বছর আগে গৌরীপুরের ভবানীপুর এলাকায় কৃষি ব্যাংকের সোহাগী শাখার সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানের পথরোধ করে বৃ-কাঁঠালিয়া গ্রামের আরেক যুবক ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে। ওই ঘটনার পেছনেও ঋণ না পাওয়ার বিষয়টি সামনে এসেছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

মালয়েশিয়ায় কর্মস্থলে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

৪ মাস আগে বাবাকে চাপ দিয়ে কেনা মোটরসাইকেলেই কেড়ে নিলো মাহিরের প্রাণ

হামের উপসর্গ নিয়ে এক হাসপাতালে ২২ শিশুর মৃত্যু

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

