বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার কয়েক মাস পর শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) নন্দীগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত দোলা হোসেন (৩৫) নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থী তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে অভিযুক্তের বাড়িতে যায়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে বান্ধবীর বাবা তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার পর ভয়ে ও লোকলজ্জার কারণে শিশুটি বিষয়টি কাউকে জানায়নি। পরে গত ২৪ মে মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চাইলে পুরো ঘটনা প্রকাশ পায়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর আলট্রাসনোগ্রাম করে জানা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত, ওসি) রাজু কামাল জানান, প্রথমে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল। পরে সমঝোতা না হওয়ায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


