বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির দায়ে ডলি ফুড প্রোডাক্টস নামক একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার বারদুয়ারী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অত্যন্ত নোংরা পরিবেশে সেমাই, ঝুড়ি ভাজা ও নিমকি তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছিল। বিশেষ করে বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন এবং পোড়া তেল ব্যবহার করে ডালডা গলানোর প্রমাণ পান কর্মকর্তারা। এছাড়া কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মেনে কাজ করার বিষয়টিও পরিলক্ষিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার ও ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া সহযোগিতা প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে অংশ নেয়।
জরিমানার পাশাপাশি কারখানাটিকে আগামী ৩০ দিনের মধ্যে অবকাঠামোগত পরিবর্তনসহ সকল বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরণের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


