শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি রবীন্দ্রনাথ হাওয়ালদার বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার শিবপুর গ্রামের মো. রফিক হাজী (৭০), মো. আমিনুল ইসলাম (৬০) ও মো. মজনু হোসেন (৫৫)।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝাজর গ্রামের রবীন্দ্রনাথ হাওয়ালদার খামারকান্দি মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৮৫ শতক (সাড়ে পাঁচ বিঘা) আয়তনের একটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটি নিজেদের দাবি করে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিস হলেও সুরাহা হয়নি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি করেন। সেখানে প্রতিপক্ষ বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে প্রশাসন রবীন্দ্রনাথকে মাছ চাষের অনুমতি দেয়। এরপর বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে চার মাস আগে তিনি পুকুরে মাছের পোনা ছাড়েন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ দেওয়ার চেষ্টা চালান। রবীন্দ্রনাথ এতে বাধা দিলে তাঁকে গালাগাল ও মারধরের হুমকি দেওয়া হয়। এ ঘটনার দিনই দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন পুকুর থেকে রুই ও কাতলসহ বড় আকারের মাছগুলো ধরে নিয়ে যায় এবং অবশিষ্ট অংশে বিষ ঢেলে দেয়। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের ছোট মাছগুলো মরে ভেসে ওঠে।

ক্ষতিগ্রস্ত রবীন্দ্রনাথ হাওয়ালদার আক্ষেপ করে বলেন, “প্রশাসনের অনুমতির পর ধারদেনা করে মাছ চাষ করেছিলাম। চার মাসের পরিশ্রমে মাছগুলো বড় হয়েছিল। রাতের আঁধারে রুই ও কাতলসহ বড় মাছগুলো তারা ধরে নিয়ে গেছে, আর পুকুরে বিষ ঢেলে দেওয়ায় সব ছোট মাছ মরে ভেসে উঠেছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব।”
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের সম্মতিতে মাছ চাষ শুরু করার পর চার মাস ধরে মাছগুলো বড় হচ্ছিল। রাতের আঁধারে বড় মাছ লুটে নিয়ে পুকুরে বিষ প্রয়োগ করায় পরিবারটি অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, “এ বিষয়ে আমি এখনও অবগত নই বা আমাকে কোনো কিছু জানানো হয়নি।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, পুকুরে বিষ প্রয়োগ ও মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

