‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

ভারতীয় চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিশ্বনাথ ‘নানা’ পাটেকর আর নেই। বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে গোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর মাত্র চার দিন আগে, গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি, যা ছিল তার জীবনের শেষ প্রকাশ্য অনুষ্ঠান।
ডোনা পাওলার ‘তাজ সিদাদে দে গোয়া’-তে সম্রাট ক্লাব ইন্টারন্যাশনাল, স্টেট-১-এর নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানা পাটেকর। সেখানে ২০২৬-২৭ মেয়াদের জন্য রাজশ্রী এ. খান্ডেপারকার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা ও গলায় সাদা গামছা পরিহিত নানা পাটেকর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। এ সময় তিনি গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের স্মৃতিচারণ করেন এবং তার কর্মশৈলীর ভূয়সী প্রশংসা করেন।
বক্তব্যের একপর্যায়ে মারাঠি ভাষায় মৃত্যুর চিরন্তন সত্য তুলে ধরে আবেগঘন কথা বলেন নানা পাটেকর। তিনি বলেন, ‘একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। কাল আমি এখানে থাকব কি না তাও আমি জানি না। প্রতিটি মানুষের জীবনই শেষ পর্যন্ত এই এক চূড়ান্ত পরিণতিতে পৌঁছাবে। তবে সেই মুহূর্তটি আসার আগে নিজেকে প্রশ্ন করতে হবে—আমি যা করতে চাই, তা কি সত্যিই করতে পারছি?’ মৃত্যুর ঠিক চার দিন আগে করা তার এই মন্তব্য এখন অনুরাগীদের মনে গভীর হাহাকার তৈরি করেছে।

গোয়ার মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক ড. শেখর সালকার জানান, হাসপাতালে আনার পর টানা ৪৫ মিনিট ধরে নানার শরীরে সিপিআর দেওয়া সত্ত্বেও তার হৃৎস্পন্দন ফেরানো সম্ভব হয়নি। বিষয়টি ইতিমধ্যে একটি মেডিকো-লিগ্যাল কেস হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
নানা পাটেকরকে সবশেষ পর্দায় দেখা গিয়েছিল ‘ও’রোমিও’ চলচ্চিত্রে। এতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি এবং দিশা পাটানি।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন বিশ্বনাথ পাটেকর, যিনি ভারতীয় চলচ্চিত্রজগতে ‘নানা পাটেকর’ নামেই নিজের এক অনন্য উচ্চতা তৈরি করেছিলেন। কয়েক দশক ধরে হিন্দি ও মারাঠি সিনেমায় তার শক্তিশালী ও বাস্তবসম্মত অভিনয় দর্শককে মুগ্ধ করে রেখেছিল। তার সংলাপ প্রদানের ঢঙ ছিল এতটাই অনন্য যে, অনুকরণশিল্পীদের জন্য তা হুবহু নকল করা ছিল এক মস্ত বড় কৃতিত্বের বিষয়।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি সিনেমায় পা রাখেন নানা পাটেকর। তবে ‘সালাম বোম্বে’ এবং ‘পারিন্দা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ‘তিরঙ্গা’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘যশবন্ত’, ‘আব তাক ছাপ্পান’, ‘ অপহরণ’ এবং ‘রাজনীতি’-র মতো একের পর এক সফল সিনেমা উপহার দেন তিনি।
সিনেমার পাশাপাশি নানা পাটেকর মারাঠি থিয়েটারেও সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালে ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমা পরিচালনার মাধ্যমে তিনি নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করেন। গুরুগম্ভীর চরিত্রের বাইরে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজিতে তার করা আইকনিক ‘উদয় শেট্টি’ চরিত্রটি দর্শককে দারুণভাবে হাসিয়েছিল, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত জনপ্রিয় মিমে পরিণত হয়।
শিল্প ও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে ভারতীয় রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হন নানা পাটেকর। এ ছাড়া কর্মজীবনে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেন। বাস্তব জীবনেও নানা পাটেকর ছিলেন একজন মানবহিতৈষী। তিনি বিভিন্ন সামাজিক কাজ এবং কৃষকদের সহায়তায় সবসময় এগিয়ে এসেছিলেন। পাকিস্তান থেকে গোলাবর্ষণের সময়ে ‘অপারেশন সিঁদুর’-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন এবং নিজস্ব এনজিও-র মাধ্যমে তাদের আর্থিক সাহায্য নিশ্চিত করেছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

শিল্প কোনো পাপ নয়, শিল্প একটি পরিচয়: অভিনেত্রী প্রভা

আল্লাহর রহমতে নিরাপদে আছি, ভালো আছি: নেপালে অপু বিশ্বাস

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

