বিয়েটা আর করতে হলো না: আর্জেন্টিনার হারে পরীমণি

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। কারণ, প্রিয় দলের পরাজয়ের পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দিয়ে লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না।”
ছোট্ট এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে ভক্তদের নানা আলোচনা। এর কারণও রয়েছে। ফাইনালের আগেই পরীমণি ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি আবার বিয়ে করবেন।
সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল।” সঙ্গে ছিল কয়েকটি হাস্যরসাত্মক ইমোজি। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।

কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি উঠেছে স্পেনের হাতে। ফলে নিজের আগের ঘোষণার প্রসঙ্গ টেনেই পরীমণি নতুন স্ট্যাটাসে রসিকতার সুরে জানিয়ে দিলেন, সেই বিয়ে আর হচ্ছে না।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন পরীমণি। তার একাধিক বিয়ে ও বিচ্ছেদ বিভিন্ন সময়ে শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ের খবর সামনে আসে। পরে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ এবং সাংবাদিক তামিম হাসানের সঙ্গে সম্পর্ক ও বিয়ের খবরও আলোচনায় ছিল।
এরপর নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে সংসার শুরু করলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে দাম্পত্য টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথ বেছে নেন এই দম্পতি।
এদিকে নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, মিকেল ওইয়ারসাবাল ও ফেরান তোরেসের ধারাবাহিক আক্রমণে চাপে পড়ে আর্জেন্টিনা। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে একের পর এক নিশ্চিত গোল রুখে দেন। নির্ধারিত সময়ে ১০টি সেভ করে তিনি বিশ্বকাপ ফাইনালের নতুন রেকর্ডও গড়েন।
অন্যদিকে আক্রমণভাগে একেবারেই ছন্দ খুঁজে পায়নি আর্জেন্টিনা। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেনি তারা। স্পেনের রক্ষণভাগ লিওনেল মেসিকেও কার্যত নিষ্ক্রিয় করে রাখে। যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা।
অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর বাড়ানো বল থেকে নিকো উইলিয়ামসের হেড ফেরান তোরেসের সামনে পৌঁছালে স্প্যানিশ ফরোয়ার্ড নিখুঁত ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন। শেষ বাঁশি বাজার পর উৎসবে মেতে ওঠে স্পেন, আর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন অভিনেতা শিবা শানু

কানাডার পুলিশের পোশাকে জায়েদ খান

‘কাল থাকব কি না জানি না’, মৃত্যুর ৪ দিন আগে বলেছিলেন নানা পাটেকার

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: চিত্রনায়িকা পরীমণি

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৬ জন গ্রেফতার

চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভবিষ্যতে লজ্জিত হতে হবে, এমন রাজনীতি করবেন না: আওয়ামী লীগকে বাঁধন

‘জুলাই যোদ্ধা’ বলে ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তা

তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: চিত্রনায়িকা পরীমণি

