বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাফরুল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, কাফরুল থানার একটি হত্যা মামলায় ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০২৫ সালের ৫ মার্চ এই মামলাটি নথিভুক্ত করা হয়।

গ্রেফতার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার ও তৎকালীন সরকারের পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশজুড়ে ছাত্র-জনতা রাজপথে নামে। ওই আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপর আসামিরা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংস মনোভাব ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, ১৫ জুলাই ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আন্দোলন দমনে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়। পরদিন ১৬ জুলাই সকালে আসামিদের নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান।
তদন্ত কর্মকর্তার আবেদনে আরও অভিযোগ করা হয়, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ অন্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় পুলিশ ও দলীয় ক্যাডাররা আন্দোলন দমনের নামে গুলি চালায়। কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় বিভিন্ন ফ্ল্যাটে বসে আসামিরা গোপন বৈঠক করে আন্দোলন দমনে সর্বাত্মক শক্তি প্রয়োগের পরিকল্পনা করেন। ১৮ জুলাই রাত ৮টা থেকে ১২টার মধ্যে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মো. তরিকুল ইসলাম রুবেলসহ অনেকে নিহত এবং বহু মানুষ আহত হন। তদন্তে ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সম্পৃক্ততা পাওয়ায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন। ২০১৭ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জুনে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় ২০২৫ সালের ৭ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০২৬ সালের জুনে ওই দুর্নীতি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় উত্তরা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় চলতি বছরের ৩০ জুলাই তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর আইনি প্রক্রিয়ায় তিনি কারাগারে আটক রয়েছেন। এবার কাফরুল থানার আন্দোলনে হতাহতের মামলাতেও তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

১৫ দিনের সাজা শেষে মুক্তি পেলেন ‘ভাইরাল মিজান’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

ম্যাজিস্ট্রেটকে হামলার দায়ে ৯ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে তিন প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

জামিনে কারামুক্ত হলেন বগুড়া স্বাচিপ সভাপতি ডা. মিশু

শেরপুরে বারোদুয়ারি হাটের ৬টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

