প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দুর্যোগের সময় সবার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, সহায়তা প্রদানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, দুর্যোগে যেখানেই ক্ষতি হবে, সরকার সেখানে প্রয়োজন অনুযায়ী সহায়তা পৌঁছে দেবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরই সহায়তা দেওয়া হবে, এখানে দল বা মতাদর্শ কোনো বাধা হবে না।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় এমরান আহমদ চৌধুরী এমপি, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


