মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের জন্য বিমান টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত দুই প্রবাসীর হাতে টিকিট তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ।
হাইকমিশন সূত্রে জানা গেছে, সহায়তা পাওয়া দুই বাংলাদেশির একজন কুমিল্লার চান্দিনা উপজেলার নরুল ইসলাম (৫০)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত যক্ষ্মা রোগে ভুগছিলেন এবং মালদ্বীপে চিকিৎসাধীন ছিলেন। অপরজন একই জেলার মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থা, আর্থসামাজিক পরিস্থিতি এবং মানবিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশে ফেরার এই উদ্যোগ নেওয়া হয়।
টিকিট হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্রবাসে থাকা প্রতিটি বাংলাদেশি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। জীবিকার তাগিদে বিদেশে অবস্থানরত কোনো নাগরিক অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো মানবিক সংকটে পড়লে তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, প্রবাসী কর্মীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের শ্রমনিষ্ঠা ও সক্ষমতার প্রতিনিধিত্ব করছেন। তাই তাদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান হাইকমিশনার। পাশাপাশি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের যেকোনো মানবিক প্রয়োজনে হাইকমিশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


