ঈদের দিনে দেশবাসীর প্রতি ঐক্যের বার্তা দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র দিনে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন—দেশকে এমনভাবে গড়ে তুলতে, যা মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করে যাবে।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের সময়গুলো স্মরণ করে এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
প্রধানমন্ত্রী মনে করেন, একটি কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়তে হলে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য তিনি সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজনে বিভিন্ন অঙ্গনের মানুষ উপস্থিত ছিলেন।


