জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটে যাতে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে না ওঠে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী দাবি করেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত জনগণের চাহিদার ভিত্তিতেই। তার ভাষায়, “জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, সেই প্রেক্ষিতেই সরকার দাম সমন্বয় করেছে।”
তিনি আরও বলেন, দেশে গুম-সংক্রান্ত ঘটনায় জড়িত অনেকেই এখনও দেশেই অবস্থান করছেন। তাদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না— এমন প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, এদের জিজ্ঞাসাবাদ করলে গুম হওয়া বিএনপি নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
গুম বিষয়ক আইন প্রসঙ্গে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশে কিছু ফাঁকফোকর রয়েছে। সেগুলো সংশোধন করে আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়ন করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মানবাধিকার লঙ্ঘন না ঘটে। তিনি বলেন, সরকার যে আইন করবে তা অবশ্যই মানবতার পক্ষে হতে হবে।
নয়াপল্টনের এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


