ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলায় এদিন সুদীপ চক্রবর্তীকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা, বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কিছু তথ্য পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন। তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে রাখা প্রয়োজন বলেও আবেদনে বলা হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করা হয়।


