বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঢাকায় দায়িত্ব গ্রহণের পর তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
৭৫ বছর বয়সী এই রাজনীতিক পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় ছিলেন। পরে সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের সময়ে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২১ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।


