দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির কথা তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এখন আর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখা যায় না, লোডশেডিংও আগের তুলনায় কমেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “পেট্রলের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে না, বিদ্যুতের ঘাটতিও কমে এসেছে।”
তিনি জানান, বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণে জ্বালানি খাতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী রোববার বৈঠকে বসবে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবে।
এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত ২৮ ও ২৯ এপ্রিল টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট, যা পুরোপুরি সরবরাহ করা সম্ভব হয়।
পরদিন ২৯ এপ্রিল চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, সেদিনও সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোনো ঘাটতি দেখা দেয়নি।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী উৎপাদন ধরে রাখতে পারলে সামনের দিনগুলোতেও লোডশেডিং নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।


