বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাফিয়া খাতুন নবীনগর এলাকার মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের আড়িয়ামারা খালের দাবুর বাড়ির ঘাট এলাকায় সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল মাফিয়া। খেলার একপর্যায়ে সে খালের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় মুহূর্তেই খালের স্রোতে তলিয়ে যায় শিশুটি।
এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে খালে নেমে শিশুটিকে খোঁজার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ সময় ধরে খালের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও শনিবার পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সাব্বির হোসেন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। তবে খালের তীব্র স্রোতের কারণে এখন পর্যন্ত নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি জানান, বিষয়টি রাজশাহী বিভাগের ডুবুরি দলকে অবহিত করা হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। শিশুটির সন্ধান পেতে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার তৎপরতার দিকে তাকিয়ে আছেন।


