বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল। এতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই গ্রামের মানুষের চলাচলের দীর্ঘদিনের সমস্যা দূর হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোনকা-চোমরপাথালিয়া পাকা সড়কের পাশ থেকে স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যাতায়াতের কোনো প্রশস্ত রাস্তা ছিল না।
গত ৩ জুন গ্রামের সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে প্রায় ৬ ফুট প্রশস্ত ও ৫০০ ফুট দীর্ঘ একটি কাঁচা রাস্তা নির্মাণ করেন। তবে রাস্তার মাঝের কিছু অংশ বাঁকা থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সাবেক অডিট অফিসার মোস্তফা কামাল ঢাকা থেকে গত শুক্রবার (১২ জুন) গ্রামে আসেন এবং নিজের জমির ওপর দিয়ে রাস্তার ওই বাঁকা অংশটি সোজা করে দেন।
সংশ্লিষ্টরা জানান, স্বরো সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সরকার পরিবারের দান করা জমিতেই প্রতিষ্ঠিত। ওই এলাকায় মোস্তফা কামালদের পরিবারের জমি ছাড়া অন্য কোনো জমি নেই। ফলে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ পার্শ্ববর্তী হলদীবাড়ি গ্রামের প্রায় ৫০০ পরিবারের মানুষ তাদের বাড়ির ভেতর দিয়েই যাতায়াত করতেন।
জনস্বার্থ বিবেচনা করে মোস্তফা কামালের পাশাপাশি তার পরিবারের সদস্য রজব আলী সরকার, বাদশা মিয়া ও আশরাফুল আলমও রাস্তা নির্মাণের জন্য জমি ছেড়ে দেন।
হলদীবাড়ি গ্রামের বাসিন্দা জয়নাল মৌরী বলেন, “রাস্তাটি আগে বাঁকা ছিল। মোস্তফা কামাল নিজের জমি ছেড়ে সেটি সোজা করে দিয়েছেন। এতে চলাচলের পথ সুগম হয়েছে।”
স্থানীয়দের মতে, নতুন এই সোজা রাস্তার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মানুষের যাতায়াত এখন আগের চেয়ে সহজ ও নিরাপদ হয়েছে।


