বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। আমরা বিশ্বাস করি, স্বাধীন সংবাদপত্র গণতন্ত্রের স্তম্ভ। তবে এই স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
বগুড়ার উন্নয়নে সরকারের মেগা পরিকল্পনার কথা তুলে ধরে মীর শাহে আলম জানান, বগুড়াকে একটি আধুনিক তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে খুব শীঘ্রই বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠন করা হবে। এছাড়া ক্রীড়াপ্রেমীদের জন্য বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের আভাস দিয়ে তিনি বলেন, “রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে বিশেষ ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে। এছাড়া গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক এবং বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে।” এ সময় তিনি আরও জানান, বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নের জন্য ইতোমধ্যে ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলারসহ জেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।


