‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এই শোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ করে। মিলনায়তনে স্থাপিত ১৪টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিগত আইডিয়া অতিথিদের সামনে উপস্থাপন করে। এ সময় একটি স্টলে নবম শ্রেণির শিক্ষার্থী সপ্তমী দত্তকে তার উদ্ভাবিত ‘বায়োগ্যাস প্ল্যান্ট’ প্রকল্পের উপযোগিতা ও কার্যকারিতা নিয়ে সাবলীলভাবে বর্ণনা করতে দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজের থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলায় তিনি উপস্থিত হতে পারেননি।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল আলম এবং শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী হতে হবে এবং প্রযুক্তির দিকে আরও এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন নতুন নতুন উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


