কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।
শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত করে সিদ্দিক বলেন, মুক্তির পর এখন সময় কাটছে পরিবারের সঙ্গে। দীর্ঘদিন পর স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুভূতি তার কাছে স্বস্তির।
তিনি জানান, কারাবন্দি থাকার কারণে তার ব্যক্তিগত অফিসের কার্যক্রমও বন্ধ ছিল। এখন ধীরে ধীরে সেখানে সময় দিচ্ছেন এবং কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এর আগে গত বছরের ২৯ এপ্রিল রাজধানীর বেইলি রোড এলাকায় তাকে মারধরের পর রমনা থানায় সোপর্দ করা হয়। পরদিন গুলশান এলাকার একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
সিদ্দিক বলেন, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা রয়েছে। প্রায় ১১ মাস কারাগারে থাকার পর মুক্তি পাওয়ায় স্বস্তি কাজ করছে বলেও জানান তিনি।
অভিনয়ের পাশাপাশি সিদ্দিক রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। বিভিন্ন সময়ে নিজ জেলা টাঙ্গাইলের রাজনৈতিক কর্মসূচিতে তার উপস্থিতি দেখা গেছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন।


