বগুড়ার শেরপুরে ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাহমুদা (৩২) ও মুরশিদা (২৬)। তারা সম্পর্কে আপন দুই বোন। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার একটি টিম রাজারদিঘি এলাকায় অভিযান চালায়। অভিযানে মাহমুদা ও মুরশিদাকে আটকের পর তল্লাশি করে ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকসহ হাতেনাতে তাদের আটক করা হয়েছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।”
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


