পটুয়াখালীতে ফুটবলকে ঘিরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন কাজী রাফি নামের এক আর্জেন্টিনা সমর্থক।
শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা রাফি দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত। শুক্রবার (১৯ জুন) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘোষণা দেন, পরদিন সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় পায়, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।
শনিবার (২০ জুন) সকালে মাঠের লড়াইয়ে হাইতিকে হারিয়ে জয় নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পর শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকেরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন।
সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনে তার মাথা ন্যাড়া করা হয়। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই ঘটনাটি উপভোগ করেন এবং মুহূর্তটি নিজেদের মোবাইল ফোনে ধারণ করেন।
কিছুক্ষণের মধ্যেই মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।”
স্থানীয়রা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে এমন ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের জন্ম দিয়েছে। তাদের মতে, প্রিয় দলকে ঘিরে সমর্থকদের আবেগ এবং বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই বিষয়টি দেখছেন সবাই।


