জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় ভিন্ন ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও এক ছাত্রীর বহিষ্কারাদেশের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী তাঁর ফেসবুক আইডিতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি পোস্ট দেন। ১১ জুলাই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনা শুরু হয়। এর পরদিন ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় চূড়ান্ত তদন্তের জন্য নতুন আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া জানান, প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক আবদুল ওয়াহেদকে অভিযোগনামা দেওয়া হবে এবং তাঁকে নিজের বক্তব্য ও ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ এলাকায় দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন—দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিম (স্থায়ী বহিষ্কার) এবং ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহসির হাসান (এক বছরের জন্য বহিষ্কার)।
এছাড়া, গত বছরের ৫ ফেব্রুয়ারি বিজয় ২৪ হলের (সাবেক জননেত্রী শেখ হাসিনা হল) নামফলক ও নৌকা ভাঙচুর এবং সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনায় স্থায়ীভাবে বহিষ্কৃত আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েতের বিষয়েও সিদ্ধান্ত জানিয়েছে সিন্ডিকেট। আফসানা এনায়েত আদালতের দ্বারস্থ হয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে ছয় মাসের বহিষ্কারাদেশ দেন। আইনি প্রক্রিয়ার মধ্যেই সেই ছয় মাস পার হয়ে যাওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারত–বাংলাদেশ সম্পর্ক: মেক্সিকো থেকে রাষ্ট্রদূত মুশফিকের তাৎপর্যপূর্ণ বার্তা

চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

