অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেছেন, পদত্যাগ কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার কোনো শর্তে তিনি বিশ্ববিদ্যালয় ছাড়েননি। অসুস্থ হয়ে পড়ায় তাকে ক্যাম্পাসের বাইরে নেওয়া হয়েছে। সুস্থ হলে আবারও দায়িত্ব পালনে ফিরবেন তিনি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাকে পদত্যাগ করিয়ে কিংবা আর ক্যাম্পাসে ফিরবেন না, এমন শর্তে বের করে নেওয়ার খবর প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন উপাচার্য।
বিবৃতিতে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, তার বক্তব্য না নিয়েই কয়েকটি গণমাধ্যমে অসত্য ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। এ ধরনের খবর দুঃখজনক ও অনভিপ্রেত।
উপাচার্যের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নিজ কার্যালয় থেকে তাঁকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
তিনি জানান, গত সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সেখানে অবস্থানরত আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সব মিলিয়ে প্রায় ১১ জন অসুস্থ হন বলে উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থীও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে উপাচার্যকেও হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে কথা বলার অবস্থায় ছিলেন না বলে জানান অধ্যাপক শেখ শরীফুল আলম। তাঁর ভাষ্য, এখনো তিনি অসুস্থ এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
দায়িত্বে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘সুস্থ হয়ে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব, ইনশা আল্লাহ।’
রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনের উদ্দেশ্যেই চট্টগ্রামে এসেছেন বলে উল্লেখ করেন চুয়েটের উপাচার্য। তাঁর বক্তব্য, ব্যক্তিগত স্বার্থ, বিশেষ কোনো এজেন্ডা কিংবা দলীয় উদ্দেশ্য নিয়ে তিনি দায়িত্ব নিতে আসেননি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করাই তাঁর লক্ষ্য।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় পড়ে তাঁরা যেন নিজেদের শিক্ষাজীবন ও একাডেমিক কার্যক্রমের ক্ষতি না করেন। শিক্ষার্থীদের নিজের অ্যালামনাই ছোট ভাই-বোন হিসেবে উল্লেখ করে দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানান তিনি।
প্রতিবাদলিপিতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন উপাচার্য। প্রকাশিত কোনো প্রতিবেদনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন করে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্যও গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে: মেয়র শাহাদাত

শিক্ষার্থীদের কম্পিউটার ও এআই শিক্ষা অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে নকল ঘি তৈরি ও বিভিন্ন অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

