নেত্রকোনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ ১০ নেতার বাড়িতে আগুন

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সাবেক সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের অন্তত ১০টি বাড়ি ও স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়েছেন সাবেক সংসদ সদস্যের এক ভাতিজা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা বাজার এলাকায় এ ঘটনার শুরু হয়। পরে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী পুটিকা বাজারে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়।
রানার ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরপরই বড়রুহী এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেওয়া হয়।
পরে রাতভর পর্যায়ক্রমে আরও কয়েকটি বাড়ি ও স্থাপনায় হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এবং তাঁর সহোদর ভাতিজা সাহাদাত হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়ি। এ ছাড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুভর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং আওয়ামী লীগ নেতা আবুল বাশার খান, আমানুর রশিদ খান জুয়েল, ডা. ওয়াহিদুর রহমান ছোটন, ফয়জুর রহমান ঝন্টু, মুনতাসির মাসুদ খান ফাহিম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের ভাতিজা সাখাওয়াত হোসেন শাকুকে ঘরের বাথরুমে আটকে রেখে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সহোদর ভাই। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান।
অন্যদিকে হামলায় গুরুতর আহত আবু বকর রানাকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার ঘটনাকে কেন্দ্র করে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ

বরগুনায় নির্বাচনী জনসভায় তারেক রহমানের কঠোর সমালোচনা করলেন মাহমুদা মিতু

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার ১

নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে আগুন, দগ্ধ দোকানি

গাছের চারা খেয়েছে গরু, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আর্জেন্টিনার জয়ে বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ গেল যুবকের

নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে ২ হাজার হেক্টরের বেশি ফসলি জমি

