বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত উমা চন্দ্র (৫২) উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত কালিদাসের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের দাপটে বাজারের পাশে থাকা একটি পুরোনো বটগাছ উপড়ে গিয়ে উমা চন্দ্রের দোকানের ওপর ভেঙে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


