বগুড়ার শেরপুরে বাঁশঝাড়ের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হামলায় হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে। নিহত হযরত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাঁশের কোরল ভাঙা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহিম (৫২) ও ভাতিজা নাইম ইসলামের (১৮) বিরোধ সৃষ্টি হয়।
একপর্যায়ে অভিযুক্তরা পেরেকযুক্ত বাঁশ দিয়ে হযরত আলীকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মেয়ে হোসনেয়ারা খাতুন বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, তুচ্ছ ঘটনার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।


