রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তবে কিছু ক্রেতা পোলাওয়ের চালের দাম বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাজার পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে সরবরাহ পরিস্থিতি এবং পণ্যের মূল্য নিয়ে কথা বলেন। একই সঙ্গে বাজারে কেনাকাটা করতে আসা ভোক্তাদের কাছ থেকেও মূল্য পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।
মো. শরীফুল আলম বলেন, বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। তিনি জানান, এর আগে কারওয়ান বাজার পরিদর্শন করে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছেন। আজ আরও দুটি বাজার ঘুরে ভোক্তাদের মধ্যে সন্তুষ্টির প্রতিফলন দেখেছেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা ও স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, ব্যবসা পরিচালনার জন্য মুনাফা প্রয়োজন হলেও অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করা উচিত নয়। এ ক্ষেত্রে সরকারের নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বর্তমানে বাজারে অধিকাংশ নিত্যপণ্যের মূল্য তুলনামূলক স্থিতিশীল রয়েছে। পণ্যের সরবরাহেও কোনো ঘাটতি নেই। সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলেও তিনি উল্লেখ করেন।
বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।


