নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে “হাজার ধরনের খোঁটা” দেওয়া হয়, এমনকি তাঁদের নিয়ে “জান্নাতের টিকিট বিক্রি” করার মতো মন্তব্যও করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে। তাঁর মতে, সরকারের বক্তব্য ও বাস্তব কাজের মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তার ভাষায়, “ব্যবসায়ীদের চোখে ভয় দেখা যায়, কিন্তু মুখে তা প্রকাশ করতে পারেন না। শেষ পর্যন্ত কেউ কেউ বলছেন, আমরা ভালো নেই, চাঁদাবাজদের কারণে স্বস্তিতে থাকা যাচ্ছে না।”
সরকারকে উদ্দেশ করে তিনি আহ্বান জানান, জনগণের মনোভাব ও প্রত্যাশা বোঝার চেষ্টা করতে হবে। রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন তিনি।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি নির্বাচনকালীন কিছু প্রচারণার প্রসঙ্গ টেনে বলেন, অতীতে কিছু রাজনৈতিক বক্তব্য ও প্রচারণায় “একটি নির্দিষ্ট প্রতীককে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে”—এ ধরনের প্রচারণা চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি। এসব বক্তব্যকে তিনি “ভুল ও বিভ্রান্তিকর” বলে উল্লেখ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাইফুল আলম খান মিলন, নুরুল ইসলাম বুলবুল, নূরুল ইসলাম সাদ্দাম এবং মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ অনেকে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মো. আবদুল জব্বার এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে পরে তাঁকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। একইসঙ্গে ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়।


