‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির চেষ্টায় জড়িত ‘পঞ্চম বাহিনী’ এবং পরাজিত শক্তিকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, গত ৫ আগস্ট পরাজয়ের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি শক্তি বিদেশে অবস্থান করে অর্থ ও অস্ত্রের জোগান দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে পুলিশ বক্স ও যানবাহনে আগুন দেওয়া, ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ এবং হত্যাকাণ্ড।

তিনি বলেন, যারা দেশপ্রেমিক এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন, তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যান না। বরং দেশের সম্পদ লুটপাট, অর্থ আত্মসাৎ, গুম, খুন, গুপ্তহত্যা ও ক্রসফায়ারের সঙ্গে জড়িত ব্যক্তিরাই দেশ ছেড়ে পালান।
বিএনপির এই নেতা বলেন, নানা চাপ ও হুমকির মুখেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশের জন্য জীবন দিয়ে তিনি এ মাটিতেই সমাহিত হয়েছেন।
বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শের পার্থক্য তুলে ধরে রিজভী বলেন, বিএনপি গণসম্পৃক্ততা, আদর্শ ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অন্যদিকে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে বলে তিনি অভিযোগ করেন।
শেখ হাসিনার সম্পদ ও তাঁর ঘনিষ্ঠজনদের বিদেশে সম্পদ থাকার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ঢাকায় শেখ হাসিনার সুধা সদন নামে বাড়ি ছিল। পূর্বাচলে ছিল ৬০ কাঠা জমি। এ ছাড়া তাঁর আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন মন্ত্রীর ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি ইংল্যান্ড সরকার জব্দ করেছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, পুরো দেশকে লুটপাটের ক্ষেত্র বানানো হয়েছিল, যাতে একটি গোষ্ঠী বংশপরম্পরায় সম্পদের মালিক হতে পারে।
রিজভীর অভিযোগ, পরাজিত শক্তি আবারও নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। পেট্রলবোমা ও ককটেল ছুড়ে রাষ্ট্রক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছে তারা। তবে দেশের মানুষ এসব কর্মকাণ্ড সম্পর্কে সচেতন। কারা অর্থ ও অস্ত্রের জোগান দিচ্ছে, তা তাদের কার্যক্রমেই প্রকাশ পাচ্ছে।
গোপালগঞ্জ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। কোনোভাবেই এ জেলাকে সন্ত্রাসের কেন্দ্র বা পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। তবে সাবেক সরকারের আমলে সুবিধা পাওয়া কিছু ব্যক্তি সেখানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জিলানীর বাড়িতেও হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটছে উল্লেখ করে রিজভী বলেন, দলের গণতান্ত্রিক সহনশীলতার সুযোগ নিয়ে এসব হামলা চালানো হচ্ছে।
শেখ হাসিনার শাসনামলে হতাহতের ঘটনা এবং আওয়ামী লীগের নেতাদের বিদেশে সম্পদ গড়ে তোলার প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী। তিনি দাবি করেন, ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের প্রাণহানির পরও শেখ হাসিনার রক্ততৃষ্ণা মেটেনি। দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। আর দেশে অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের একটি অডিওর প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ওই অডিওতে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার কথা শোনা যায়। প্রথমে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও ফ্যাক্ট-চেকের মাধ্যমে মোজাম্মেল হকের কণ্ঠস্বর শনাক্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
রিজভী বলেন, ‘পঞ্চম বাহিনী’র বিরুদ্ধে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। গ্রাম, মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্মিলিত শক্তির মাধ্যমেই এসব অপতৎপরতা মোকাবিলা করা হবে।
সংবাদ সম্মেলনে ডিসেম্বর মাসে দলের বিভিন্ন কর্মসূচির কথাও জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।
এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালন করবে দলটি।
রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও আবদুস সালাম আজাদ।
এ ছাড়া প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

পাশের দেশের মদদে অস্থিরতা তৈরির চেষ্টা, ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

