মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, দিনটিকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা।
মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ঢাকার সব ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।
এরপর ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি। সেখান থেকে ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠের কর্মসূচিও রয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদেরও বিএনপির ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


