আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করার পর সতীর্থদের দিকে না গিয়ে মেসি ছুটে যান গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিকের দিকে।
শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে করা সেই গোলটি ছিল ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত। ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে ফিরতি বল থেকে নিখুঁত শটে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলের মাধ্যমে তিনি আবারও বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও শক্ত করেন।
তবে গোলের পর প্রচলিত উদ্যাপনের বদলে ভিন্ন দৃশ্য দেখা যায় মাঠে। সাধারণত গোল করলে খেলোয়াড়রা সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন বা কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান। কিন্তু মেসি সোজা চলে যান গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে এবং তার সঙ্গে হাত মেলান।
ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় আলোচনা—কে সেই ব্যক্তি, যার দিকে ছুটে গেলেন আর্জেন্টাইন মহাতারকা?
পরে জানা যায়, ওই ব্যক্তি আর্জেন্টিনার ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক হোয়াকিন ব্রুনো। ম্যাচের পর তিনি জানান, ঘটনাটি তার জন্য ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। গোলের সময় তিনি আবেগ ধরে রাখতে পারেননি এবং সমর্থকের মতোই উচ্ছ্বাস প্রকাশ করেন।
ব্রুনো জানান, গোলের মুহূর্তে তিনি নিজেও চিৎকার করে ওঠেন। এরপরই মেসিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেন। কাছে এসে মেসি তার সঙ্গে হাত মেলান এবং উদ্যাপনে অংশ নেন।
ঘটনার পর স্টেডিয়াম থেকেই প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্রুনো বলেন, এই মুহূর্ত তিনি জীবনে কখনো ভুলবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি লেখেন, একজন মেসি-ভক্ত হিসেবে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।


