চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তির নাম পুটন মোল্ল (১৯)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সীমান্তবর্তী রামেন্দ্রনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাদল মোল্ল।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভুজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই যুবককে। পরে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় আঁধারমানিক বিওপির একটি টহল দল তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। তবে তিনি কী উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে ওই যুবককে আটক করা হয়েছে।
তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার রাতে তাকে ভুজপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে ভুজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


